রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মৃতের সংখ্যা বেড়ে ৫
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মহিলা মাদ্রাসা মাটিচাপা পড়ে বহু শিশু ছাত্রী আটকা পড়ে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে মাটিচাপা পড়ে আরও কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ধসের সময় মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ জন শিশু অবস্থান করছিল। স্থানীয় কমিউনিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া কয়েকজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান পাঁচজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, গত সোমবার টানা বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-পুরুষসহ আটজনের মৃত্যু হন। টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বাড়ায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
https://gsnewsbd.com/news/country/1f17abf2-f105-6de0-9b77-0052bdec5dcc