
পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ছবি: সংগৃহীত
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। এ সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তোলে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।
তিনি জানান, দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।