ছবি: সংগৃহীত
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে রয়েছেন ১৩ প্লাটুন। এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে নিয়মিত টহলের পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কাজ করছেন তারা।
https://gsnewsbd.com/news/country/1f1d8273-50f8-6610-bfa6-bdfeb006ba9c