
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামে আক্রান্ত হয়ে মৃত্যু নেই। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫।
২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩২৫ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭২ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ জনে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ২৮৪।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৪ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৫ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩ হাজার ২২৫ জন।