বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফ ‘মর্মাহত ও স্তম্ভিত’
সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংগঠিত বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বলেছে এই ধরনের নির্মমতা দেখে তারা গভীরভাবে ‘মর্মাহত ও স্তম্ভিত’। একইসঙ্গে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এ কথা বলেন।
শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী এবং শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তাতে দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করা জরুরি।
প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে।
শিশু, নারী, পরিবার ও সমাজের যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।
এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাদের ছবি ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
বিবৃতিতে বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একধরনের নতুন নির্যাতন। যারা এগুলো শেয়ার করেন, তারা মূলত ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং ভুক্তভোগীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেন।
https://gsnewsbd.com/news/national/1f1567e3-314b-6860-98ab-ad89053b52c7