সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না, যা হয়েছে সব ফ্যাসিস্টের আমলে হয়েছে।
মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন, সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন শেষে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একসঙ্গে এগুলো বন্ধ করা যাবে না, পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, সকালে ৮টার দিকে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নেন তিনি।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
https://gsnewsbd.com/news/national/1f1d768d-3622-6030-a62b-1a1018a3077c