বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনি প্রচারণায় যে গণজোয়ার দেখা গেছে, তাতে বিএনপির জয় অনিবার্য। সারা দেশে উৎসবমুখর পরিবেশ রয়েছে। আশা করি, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএনপির নাম কখনও আসেনি। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে। সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে, ফলাফল মেনে নেবে বিএনপি।
তিনি অভযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানাভাবে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আচরণবিধি অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
https://gsnewsbd.com/news/politics/1f10652b-04f2-6da0-b719-0de62c733a04