
জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ ঘোষণা করবেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিকিউশন পক্ষ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। গত ২৬ এপ্রিল এই বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষ হয়। প্রসিকিউশনের পক্ষে অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম শুনানিতে ভিডিও ফুটেজ ও কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
এ মামলায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে, তাপস ও নানক ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
শুনানি চলাকালীন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করে বলেন, এই ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এর বিচারের জন্য প্রচলিত আইন বিদ্যমান রয়েছে। তারা আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষ পর্যাপ্ত প্রমাণ রয়েছে দাবি করে অভিযোগ গঠনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন ধার্য করেন।