
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান
সোমবার (১১ মে) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ৫০ জন সুফলভোগীর মাঝে তিনটি করে মোট ১৫০টি ভেড়া এবং ২৫ কেজি করে ভেড়ার খাদ্য বিতরণ করেন আমানউল্লাহ আমান।
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে। গ্রামের মানুষের জীবনমান উন্নত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন সুফলভোগীর মাঝে তিনটি করে মোট ১৫০টি ভেড়া এবং ২৫ কেজি করে ভেড়ার খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, গ্রামের মানুষকে স্বাবলম্বী করতে ক্ষুদ্র খামার ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। এ ধরনের প্রকল্প মানুষের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের সব স্তরে সাম্যতা প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি এমপি আরও বলেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অঙ্গীকার হচ্ছে একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আর সচ্ছলতার পথ ধরেই দেশ অর্জন করবে স্বনির্ভরতা। এই মানবিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি অসচ্ছল পরিবারগুলোর আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।