ড. কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৩ আগস্ট ১১ দলীয় ঐক্যের নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও সিইসির কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।
রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ছিল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আজ ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।
https://gsnewsbd.com/news/politics/1f19934c-b984-6860-842a-af3fbd1d4bdf