লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পথে। চা বিরতির পর মার্নাস লাবুশেনকে ফেরায় বাংলাদেশ। তারপর স্টিভ স্মিথ হাল ধরলেও তাকে আউট করে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল সফরকারীরা।
২ উইকেটে ৫১ রানে তৃতীয় দিনের শেষ সেশনে মাঠে নামে অস্ট্রেলিয়া। স্মিথ ৮ ও লাবুশেন ২১ রানে অপরাজিত ছিলেন। তাইজুল ইসলাম এই সেশনের তৃতীয় ওভারে লাবুশেনকে বোল্ড করেন।
এরপর স্মিথ ও ক্যামেরন গ্রিন প্রতিরোধ গড়েন কিছুটা। ১০৬ বলে ৪৯ রানের এই জুটি ভেঙে দিলেন মেহেদী হাসান মিরাজ। স্মিথকে ৪৪ রানে ফিরতি ক্যাচে আউট করেন বাংলাদেশি স্পিনার। ৮৮ বলের ইনিংসে ছিল ৫ চার। ১২২ রানে অস্ট্রেলিয়ার চার উইকেট পেল বাংলাদেশ।
এর আগে ২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। ওয়েদারাল্ডকে বোল্ড করে তার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেন হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারেন অজি ওপেনার। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
আরেক ওপেনার ট্রাভিস হেড মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান এই পেসার। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। হেড তিন চারে ৩৫ বলে ১৭ রানে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের বল তার ব্যাটে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট পেয়ে যান বাংলাদেশি পেসার।
এর আগে হেড তার তিন চারের দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারটিতে দুটি চার মারেন তিনি ও মার্নাস লাবুশেন।
১৪তম ওভারে স্টিভ স্মিথকে বিদায়ের উদযাপনে মেতেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউ নেন অজি ব্যাটার। কিন্তু রিভিউতে দেখা গেছে, বল তার ব্যাট ছোঁয়নি। একটা স্পাইক দেখা গিয়েছিল স্নিকোমিটারে, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে। ৩ রানে জীবন পান স্মিথ। কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারলেন না।
https://gsnewsbd.com/news/sports/1f1987c1-a9dc-6570-86ad-359542363cf7