
পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন বাহিনী
পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবারের মতো নিশ্চিত হওয়া গেল যে ওই দিনের বিশৃঙ্খল পরিস্থিতিতে মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলি বর্ষণে জড়িত ছিল।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মেরিন সেনাদের ছোড়া গুলিতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা স্থানীয় পুলিশও সে সময় গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত রবিবার বিক্ষোভকারীরা কনস্যুলেটের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হওয়ার খবরের পর পাকিস্তানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় করাচি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে, যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনা ঘটে।