প্রতীকী ছবি
ইরানে চলতি বছরের প্রথম আট মাসে অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিভিন্ন কারাগারে এসব আফগানকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একই সময়ে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, মামলাগুলোতে স্বচ্ছতার ঘাটতি ছিল। অভিযুক্তদের আইনজীবীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। এমনকি দণ্ডপ্রাপ্তদের পরিবারকে তাদের মামলা ও বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানার সুযোগ দেওয়া হয়নি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে। এর মধ্যে মাদকসংক্রান্ত অপরাধের মামলায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এদিকে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় বিক্ষোভ হয়েছিল।
এ ছাড়া গত জুলাইয়ে আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব আফগান নাগরিকের বেশিরভাগের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ইরানে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্ধারণ করা কঠিন।
ইরিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালে ইরানে ৮৫ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
সূত্র: খামা প্রেস
https://gsnewsbd.com/news/world/1f1a42a5-88bb-6a90-907e-cce5e9c4ec90