
তাইওয়ানের বিমানকে ফের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল চীন
বেইজিংয়ের 'এক-চীন' নীতির অজুহাত তুলে তাইওয়ানের বিমানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটির আকাশসীমা ব্যবহারের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসলামাবাদ। গত বুধবার এপি, ব্লুমবার্গ ও ডনের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
অফিসিয়াল নথির বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসলামাবাদ তাইওয়ানভিত্তিক দুটি প্রধান এয়ারলাইন্স চায়না এয়ারলাইন্স এবং ইভা এয়ার-কে আবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রদান করেছে। এই অনুমতি আগামী ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তাইওয়ানের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন। তিনি চীনের প্রতি পাকিস্তানের দীর্ঘদিনের সমর্থন ও 'এক-চীন' নীতি অনুসরণের কথা উল্লেখ করে বলেছিলেন, আমাদের এভিয়েশন বিভাগ কঠোরভাবে এক-চীন নীতি অনুসরণ করে; শুধু মূল ভূখণ্ড চীনকেই অনুমতি দেওয়া হয়। তিনি আরও যোগ করেছিলেন, আমরা কেবল চীনা বিমানসংস্থাগুলোকে পাকিস্তানের ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দিয়েছি।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা বা বিমান চলাচলের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে তাইওয়ানের বিমানগুলো পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে অন্য পথে চলাচল শুরু করে। এর জবাবে তাইপে কড়া প্রতিক্রিয়া জানায়। তাইওয়ানের সংবাদমাধ্যমের মতে, তাইপে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছিল যে, ইসলামাবাদ তাইওয়ানের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করছে এবং আন্তর্জাতিক আকাশসীমাকে রাজনৈতিকীকরণ ও অস্ত্রায়ন করছে।