নিষেধাজ্ঞা ও যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত ইরানের জ্বালানি খাত
মার্কিন নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং জ্বালানি অবকাঠামোয় হামলার চাপে গভীর সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। এর প্রভাব পড়েছে দেশটির বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে। পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শীত সামনে রেখে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। সাক্ষাৎকারের সময় তার কার্যালয়ের বাতি বন্ধ রাখা হয় এবং দিনের আলো ব্যবহারের জন্য পর্দা সরিয়ে রাখা হয়।
বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি অংশ ইরানের নিয়ন্ত্রণে। দেশটির প্রমাণিত তেলের মজুতও বিশ্বের তৃতীয় বৃহত্তম। তা সত্ত্বেও জ্বালানি অবকাঠামোয় ক্ষয়ক্ষতি, বিনিয়োগের অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রকট হয়েছে।
সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, আসন্ন শীতে দেশটির দৈনিক গ্যাসের ঘাটতি ৪৩০ মিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। আগে এই ঘাটতি ছিল প্রায় ৩০০ মিলিয়ন ঘনমিটার। সংঘাতের প্রথম পর্যায়ে চারটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক উৎপাদন সক্ষমতা ২৩০ মিলিয়ন ঘনমিটার কমে যায়। এর মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে।
ইরানের বিদ্যুতের প্রায় ৮৬ শতাংশ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাস থেকে। যুদ্ধের হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪ হাজার ২০০ মেগাওয়াট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী আব্বাস আলীআবাদি। বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন কমে যাওয়ায় প্রায় ছয় লাখ মানুষের কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থনীতিতেও চাপ বাড়ছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবর সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। খাদ্য, পানীয় ও তামাকপণ্যের দাম এক বছরে বেড়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ।
জার্মানির ফিলিপস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগানের পূর্বাভাস, ২০২৬ সালে ইরানের প্রকৃত জিডিপি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে। তার মতে, নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্য অবরোধ, যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তা অর্থনীতির পতনকে ত্বরান্বিত করছে।
বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিল, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ তৈরি এবং জ্বালানি ব্যবস্থাপনায় সংস্কার ছাড়া ইরানের দীর্ঘমেয়াদি সংকট কাটানো কঠিন। বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু উৎপাদন সক্ষমতা ও অবকাঠামোর ঘাটতি পূরণে প্রয়োজন বড় বিনিয়োগ। সূত্র: আল-জাজিরা
https://gsnewsbd.com/news/world/1f1e8c96-14f8-6d30-85fa-7c2ea89952c1