দুর্নীতি মামলা থেকে রেহাই পাচ্ছেন নেতানিয়াহু?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতি মামলায় বড় ধরনের মোড় এসেছে। মামলার শুনানিতে দেশটির আদালতের বিচারকেরা তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগের মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন।
পাশাপাশি আরেকটি মামলার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এতে আইনি ও রাজনৈতিকভাবে স্বস্তিতে পড়েছেন নেতানিয়াহু। তবে বিচারপ্রক্রিয়া এখনই শেষ হচ্ছে না।
২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক দুর্নীতি মামলার বিচার শুরু হয়। এসব মামলার কারণে তিনি ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী।
মামলাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হলো ‘কেস ৪০০০’। এতে অভিযোগ করা হয়েছে, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজেককে সরকারি সুবিধা দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম ওয়াল্লায় নিজের ও স্ত্রীর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের ব্যবস্থা করেছিলেন নেতানিয়াহু।
বিচারকেরা মনে করছেন, বিশেষ করে ঘুষের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কম। তাই মামলাটি প্রত্যাহারের জন্য অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করেছেন তারা।
‘কেস ২০০০’-এ অভিযোগ, ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার মালিকের সঙ্গে ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রের ব্যবসা সীমিত করার বিষয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। বিচারকেরা প্রশ্ন তুলেছেন, তার কথিত কর্মকাণ্ড আদৌ ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে কি না।
অন্যদিকে ‘কেস ১০০০’-এ নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে দামি উপহার ও অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ মামলার নিষ্পত্তিতে প্রসিকিউশন ও প্রতিরক্ষা পক্ষকে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বিচারকেরা।
তবে বিচারকেরা নিজেরা অভিযোগ প্রত্যাহার করতে পারেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে। তিনি জানিয়েছেন, আদালতের সব পর্যবেক্ষণ বিবেচনা করা হবে। রায় অথবা সমঝোতা- দুই পথই খোলা রয়েছে।
বিচারকদের সুপারিশের পর নেতানিয়াহু বিচারপ্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। তার ভাষায়, এই মামলার কারণে তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে।
তবে মামলার ভবিষ্যৎ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের ওপরও প্রভাব ফেলতে পারে। গত অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের চেষ্টা করছেন তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। দুর্নীতি মামলার কারণে বিরোধী নেতাদের অনেকেই নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনে অনাগ্রহী। বিচারপ্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা
https://gsnewsbd.com/news/world/1f1ea38e-cca5-6ff0-a751-4914ad85f7ac